লক্ষ্মীপুরে দায়িত্বে থাকা অবস্থায় ভোটকেন্দ্র ত্যাগ করে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যাওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এক পোলিং কর্মকর্তাকে আটক করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পরে তাদের সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
আটকরা হলেন- সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এম এ ওসমানি ও পোলিং কর্মকর্তা ইকবাল হোসেন। তারা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন। ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আটক দুই জন বর্তমানে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
জেলা পুলিশ সূত্র জানায়, রাতে ভোটকেন্দ্র রেখে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যান তারা। গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা অভিযান চালিয়ে তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিপোর্টারের নাম 























