ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে রাজধানী ঢাকা সেজেছে এক ভিন্ন রূপে। ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে নগরজুড়ে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে বসানো হয়েছে অসংখ্য তল্লাশি চৌকি, চলছে আইনশৃঙ্খলা বাহিনীর নিবিড় টহল। এর ফলে স্বাভাবিকের তুলনায় যান চলাচল কমেছে উল্লেখযোগ্য হারে, অনেক ব্যস্ত এলাকাও এখন অনেকটাই ফাঁকা।
রাজধানীর শাহবাগ, হাতিরঝিল, কাওরানবাজার, রামপুরা, ফার্মগেট, মিরপুর, ফার্মগেট, বনানী, গুলশান, বাড্ডা ও উত্তরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দেখা গেছে একই চিত্র। প্রতিটি চেকপোস্টে প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাস থামিয়ে কাগজপত্র পরীক্ষা এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোথাও কোথাও পুলিশ ও র্যাবের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যদের সমন্বিত তৎপরতাও লক্ষ্য করা গেছে।
শুধু রাজধানী নয়, দেশের প্রধান শহরগুলোও এখন কঠোর নিরাপত্তা বলয়ের অধীনে। নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি অফিস, রাজনৈতিক দলের কার্যালয় এবং জনসমাগমস্থলগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ২৪ ঘণ্টা টহলের পাশাপাশি সাদা পোশাকেও কাজ করছে বিশেষ গোয়েন্দা দল।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একযোগে ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 






















