গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জোর দিয়ে বলেছেন, ‘নগদ’ বিক্রি নিয়ে ছড়ানো গুজবগুলো ভিত্তিহীন এবং এই ফিনান্সিয়াল প্রতিষ্ঠানটির সরকারি ব্যবস্থাপনা অব্যাহত থাকবে।
মন্ত্রী গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং নগদের ২০২৫-২৬ অর্থবছরের সংগৃহীত রাজস্ব থেকে মুনাফার অংশ হিসেবে ১৮ কোটি ৫৭ লাখ টাকা ডাক অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, নগদের মতো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করাই বর্তমান সরকারের লক্ষ্য।
ফকির মাহবুব আনাম উল্লেখ করেন, পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা বিশ্বে বহু বছর ধরে সফলভাবে পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশেও এই উদ্যোগের মাধ্যমে ডাকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। তিনি জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন, যাতে আরও উদ্যোক্তা এই কার্যক্রমে যুক্ত হতে পারেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন, পর্যায়ক্রমে দেশের সব পোস্ট অফিসকে ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। এর ফলে একদিকে যেমন নাগরিক সেবার পরিধি বাড়বে, তেমনি নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি হবে। তিনি ফ্র্যাঞ্চাইজি উদ্যোক্তাদের শুভকামনা জানিয়ে আশ্বাস দেন যে, কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হলে ডাক বিভাগ সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই তাদের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নগদের মুনাফা অর্জন সেই সফলতারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
ডিজিটাল আর্থিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় নিরাপদ, সহজ ও সাশ্রয়ী সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ডাক বিভাগের আধুনিকায়ন, নগদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও আস্থাশীল ও জনবান্ধব করে তুলতে হবে।
রিপোর্টারের নাম 



















