হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এনসিপি নেতারা বলেছেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা গণতন্ত্র ও নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত।
বুধবার বিকেল ৫টায় নগরীর পূবালী চত্বরে কুমিল্লা জেলা, মহানগর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এনসিপি নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পূবালী চত্বর থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তারা দাবি করেন, এ হামলায় কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মহানগর যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউসার বলেন, একজন শিক্ষার্থীর চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাই। কিন্তু বারবার হামলা, ভয়ভীতি ও সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করা হলে তা দেশের গণতান্ত্রিক পরিবেশকে আরও সংকুচিত করবে।
এনসিপি নেতারা বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, আপনার অঙ্গীকার ছিল ছাত্র-জনতার হত্যার বিচার করবেন, পুলিশি নির্যাতনের বিচার করবেন এবং বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবেন। কিন্তু এখনো আমরা সেই বিচার দেখতে পাইনি। বরং যখন আমরা বিভিন্ন হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে যাই, তখন উল্টো হামলার শিকার হতে হয়।
রিপোর্টারের নাম 



















