হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির মহানগর শাখা। তবে সমাবেশ চলাকালে যুবদল কর্মীদের বিরুদ্ধে কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার বিকেলে নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব আরিফ মঈন উদ্দিন অভিযোগ করেন, যুবদল নেতা শাহেদ বকসের নেতৃত্বে কয়েকজন যুবক নিজেদের যুবদল ও ছাত্রদলের কর্মী পরিচয় দিয়ে কর্মসূচিতে স্লোগান দিতে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষের মাঝখানে অবস্থান নিয়ে তাদের আলাদা করে দেয়। পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ বিষয়ে যুবদল নেতা শাহেদ বকসের বক্তব্য পাওয়া যায়নি।
সমাবেশে বক্তারা হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এ ধরনের হামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ। হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় ও মোমিন রোড প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা হামলার বিচার এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ নাজমুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
রিপোর্টারের নাম 



















