আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য বড় ধরনের আর্থিক ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। প্রকাশনা শিল্পের বর্তমান পরিস্থিতি ও প্রকাশকদের দাবির মুখে স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের শীর্ষস্থানীয় প্রকাশকরা অংশ নেন। সভায় প্রকাশকরা প্রকাশনা শিল্পের বিদ্যমান সংকট ও প্রতিকূলতা তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করেন। সংস্কৃতি উপদেষ্টা প্রকাশকদের অধিকাংশ দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং একটি কার্যকর ‘গ্রন্থনীতি’ প্রণয়নের আশ্বাস দেন। একইসঙ্গে তিনি এসব দাবি বাস্তবায়নে মন্ত্রণালয়কে লিখিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।
সভায় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ঘোষণা করেন, ২০২৬ সালের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য নির্ধারিত স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফ করা হয়েছে। মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব প্রকাশক ইতিমধ্যে ভাড়ার টাকা জমা দিয়ে দিয়েছেন, তাদের জমাকৃত অতিরিক্ত অর্থ বইমেলা কর্তৃপক্ষ ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আর যারা এখনো টাকা জমা দেননি, তারা হ্রাসকৃত নতুন হারে ভাড়া পরিশোধ করতে পারবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্যসচিব ড. মো. সেলিম রেজা। সভায় মেলা পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও প্রকাশনা সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।
রিপোর্টারের নাম 























