বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান, যার ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে ক্রিকেটের এই মহারণ। এই ম্যাচ নিশ্চিত হওয়ায় প্রায় ১ হাজার ৯৮৫ কোটি টাকার (১৭.৪০ মিলিয়ন মার্কিন ডলার) বিশাল লোকসান এড়াতে পেরেছে আইসিসি।
আইসিসির আয়ের অন্যতম প্রধান উৎস হলো ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেটীয় লড়াই। মাঠের উত্তেজনা ছাপিয়ে এই ম্যাচগুলো সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ এবং গেটমানি থেকে বিপুল পরিমাণ রাজস্ব এনে দেয়। পাকিস্তানের বয়কটের ঘোষণায় তাই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি মহাবিপাকে পড়েছিল।
শুরুতে পাকিস্তান তাদের সিদ্ধান্তে অনড় থাকলে সম্প্রচারক, পৃষ্ঠপোষক ও গেটমানি বাবদ আইসিসির প্রায় ১ হাজার ৯৮৫ কোটি টাকা লোকসান হতো বলে বিভিন্ন সূত্রে খবর প্রকাশিত হয়েছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার রাতে লাহোরে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বৈঠকের পর পাকিস্তান সরকার তাদের দলকে ভারতের বিপক্ষে খেলার অনুমতি দেয়।
পাকিস্তানের এই সিদ্ধান্ত পরিবর্তনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি) এবং আরব আমিরাত ক্রিকেট বোর্ডও (ইসিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা পিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছিল। অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই দেখার সুযোগ পাচ্ছে ক্রিকেটপ্রেমীরা।
রিপোর্টারের নাম 





















