আগামী মার্চে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে বিশ্ব পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো (FIFPro) এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (AFC) নারী ও পুরুষ ফুটবলারদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছে। সংগঠনটি পুরুষ এশিয়ান কাপের আদলে নারী টুর্নামেন্টেও সমান শর্ত, নিয়ম এবং পুরস্কার অর্থের দাবি তুলেছে।
এই বিষয়ে ফিফপ্রো গত বছরের ডিসেম্বরে এএফসিকে একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠিতে নারী এশিয়া কাপে অংশগ্রহণকারী ১২টি দলের সাতটি দলের ফুটবলাররা স্বাক্ষর করেছেন। চিঠিতে টুর্নামেন্টের মোট পুরস্কার অর্থের অন্তত ৩০ শতাংশ খেলোয়াড়দের মধ্যে বিতরণের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও, এশিয়াতে নারী ফুটবলের পেশাদারিত্ব বৃদ্ধিতে চারটি সুনির্দিষ্ট প্রস্তাবনাও এএফসিকে জানিয়েছে ফিফপ্রো।
ফিফপ্রোর একটি প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন নারী এশিয়া কাপ থেকে প্রায় ৮২.৪ মিলিয়ন মার্কিন ডলার আয় হতে পারে, যা এই টুর্নামেন্টের জন্য একটি নতুন মাইলফলক স্থাপন করবে। তবে, এশিয়ার নারী ফুটবলাররা পারিশ্রমিক, চিকিৎসা সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধার দিক থেকে এখনও অনেক পিছিয়ে রয়েছেন। ফিফপ্রো মনে করে, এই বিশাল অঙ্কের আয় যদি খেলোয়াড়দের মধ্যে সমানভাবে বন্টন করা যায়, তাহলে এশিয়ার নারী ফুটবলে এক বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে।
ফিফপ্রোর এশিয়া-ওশেনিয়ার সেক্রেটারি জেনারেল শোকো সুজি বলেছেন, “বৈষম্য দূরীকরণ এবং নারী খেলোয়াড়দের মূল্যায়ন ও সমর্থনের জন্য নতুন মান নির্ধারণের একটি চমৎকার সুযোগ হতে পারে ২০২৬ সালের নারী এশিয়া কাপ।” তিনি আরও বলেন, “আমরা চাই, এই টুর্নামেন্ট এশিয়ার নারী ফুটবলারদের জন্য কেবল একটি প্রতিযোগিতা না হয়ে, তাদের অধিকার ও সম্মানের প্রতীক হয়ে উঠুক।”
রিপোর্টারের নাম 

























