ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করেই নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি সেনাদের অভিযানে অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, গাজা শহরের পশ্চিমাঞ্চলীয় আল-নাসর স্ট্রিটের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি বাহিনী হামলা চালালে তিনজনের মৃত্যু হয়। উল্লেখ্য, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ওই এলাকাটি ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন থাকার কথা নয়।
হামলার ব্যাপ্তি ছিল উপত্যকার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত। উত্তর গাজার বেইত লাহিয়া শহরের একটি স্কুলের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে ৫৪ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন। এছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে পৃথক হামলায় আরও চারজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, রাফাহ সীমান্ত এলাকায় ইসরাইলি বাহিনী দাবি করেছে যে, সুড়ঙ্গ থেকে বের হয়ে আসার সময় তারা বেশ কয়েকজন ফিলিস্তিনিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে খান ইউনিস উপকূলে ইসরাইলি গোলন্দাজ বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি জেলে গুরুতর আহত হন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে গাজা উপত্যকা এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘস্থায়ী এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৭২ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া যুদ্ধের তাণ্ডবে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় ৫৮১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১ হাজার ৫৫৩ জন। যুদ্ধবিরতি চুক্তির শর্ত বারবার লঙ্ঘিত হওয়ায় উপত্যকায় নতুন করে চরম উত্তেজনা ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 
























