পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, বিএনপি একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে চায়, যেখানে গণতন্ত্রের সঠিক চর্চা হবে এবং রাজনৈতিক অঙ্গনে গণতান্ত্রিক সৌন্দর্য ফিরে আসবে। গত ১৭ বছরে দলটির হাজার হাজার নেতাকর্মীর ওপর দমন-পীড়নের অভিযোগ তুলে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন এই বঞ্চনার জবাব দেওয়ার সুযোগ।
সোমবার সন্ধ্যায় পাবনার চাটমোহরের ঐতিহাসিক বালুচর মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসান জাফির তুহিন অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপির ১ হাজার ৭০০ নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। অসংখ্য পরিবার স্বামীহারা, সন্তানহারা বা ভাইহারা হয়েছে। এছাড়া, লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
প্রতিপক্ষ দলের সমালোচনা করে তিনি বলেন, যারা পাঁচ-ছয় ভাগ ভোট পায়, তারা নাকি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। একটি দল মিথ্যাচার করে বেহেশতের টিকিট বিক্রির নামে ভোট চাইছে। এমন বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির জন্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে একটি যুগান্তকারী নির্বাচন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনে গত ১৭ বছরের দুঃখ-কষ্ট ও বঞ্চনার প্রতিফলন ঘটবে। বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আগামী দুই দিন আমাকে দিন, আমি আগামী পাঁচ বছর আপনাদের হয়ে কাজ করব।
চাটমোহর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বকুল, ভাঙ্গুরা উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, চাটমোহর পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির নেতা অধ্যক্ষ আবদুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল আলম, আবুল কালাম আজাদ, রবিউল করিম তারেক, আবু হানিফ, সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দিন এবং আরজ খান প্রমুখ।
এর আগে দুপুরের পর থেকে উপজেলার ১১টি ইউনিয়ন এবং পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বালুচর মাঠে জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়।
রিপোর্টারের নাম 

























