জাপানে টানা তিন সপ্তাহের ভয়াবহ তুষারপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। নজিরবিহীন এই প্রাকৃতিক দুর্যোগে দেশজুড়ে আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ। মঙ্গলবার জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
গত জানুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া এই অবিরাম তুষারপাতে জাপানের উত্তরাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা এখন বরফের চাদরে ঢাকা। বিশেষ করে জাপান সাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলগুলোতে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তুষারপাতের কারণে সড়কগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।
আঞ্চলিক প্রশাসনের দেওয়া তথ্যানুযায়ী, উত্তরাঞ্চলের আওমোরি প্রদেশসহ বেশ কিছু এলাকায় পরিস্থিতি অত্যন্ত নাজুক। অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে বাড়ির ছাদে স্তূপ হয়ে থাকা ভারী বরফ ধসে পড়ে কিংবা পিচ্ছিল ছাদ থেকে বরফ পরিষ্কার করতে গিয়ে নিচে পড়ে যাওয়ার ফলে। এছাড়া তীব্র ঠান্ডাজনিত কারণেও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, আওমোরি অঞ্চলে বর্তমানে জমে থাকা বরফের পুরুত্ব প্রায় ১ দশমিক ৩ মিটার, যা ৪ ফুটেরও বেশি। আগামী কয়েক দিনে আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার এবং বরফ পরিষ্কারের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























