যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলার তেল পরিবহনের অভিযোগে ভারত মহাসাগরে একটি বৃহদাকার ট্যাংকার জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী। ‘অ্যাকুইলা ২’ নামের এই জাহাজটি ভেনেজুয়েলা থেকে চীনের একটি গন্তব্যের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যারিবিয়ান সাগর থেকেই জাহাজটিকে নজরদারিতে রাখা হয়েছিল। হেগসেথ বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন কোনো নিষেধাজ্ঞা বা ‘কোয়ারেন্টাইন’ জারির কথা বলে, তখন তা অত্যন্ত কঠোরভাবে কার্যকর করা হয়। তার ভাষ্য অনুযায়ী, সোমবার রাতভর অভিযান চালিয়ে ভারত মহাসাগরীয় অঞ্চলে ‘অ্যাকুইলা ২’ জাহাজটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার আওতাভুক্ত ভেনেজুয়েলার ট্যাংকারগুলোর চলাচল নিষিদ্ধ করেছিলেন। সেই নির্দেশ অমান্য করে ‘অ্যাকুইলা ২’ এগিয়ে যাচ্ছিল। উপযুক্ত পরিস্থিতিতে অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয়।
পোস্টে হেগসেথ বলেন, আকাশ, স্থল বা সমুদ্র— কোনো পথেই কেউ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে না। যারা মার্কিন শক্তিকে অবমূল্যায়ন করে বা আন্তর্জাতিক সামুদ্রিক বিধি লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তিনি আরও বলেন, বৈশ্বিক সামুদ্রিক অঞ্চলে নিজেদের অধিকার অপব্যবহারকারীদের ব্যাপারে যুক্তরাষ্ট্র সবসময়ই কঠোর ও নেতিবাচক মনোভাব বজায় রাখবে।
রিপোর্টারের নাম 
























