‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাঁর বিস্তারিত নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার দুপুরে লালমনিরহাট জেলা শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এ সময় জামায়াতে ইসলামী ও জোটভুক্ত দলের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রার্থীর ঘোষিত ইশতেহারে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য বিমোচন, বনায়ন, পর্যটন, নদী ব্যবস্থাপনা, যুব ও ক্রীড়া, সুশাসন এবং সামাজিক উন্নয়ন—এই ১০টি গুরুত্বপূর্ণ খাতে সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়েছে। অ্যাডভোকেট আবু তাহের তাঁর বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালমনিরহাট সদর উপজেলাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট আবু তাহের বলেন, “আমি নির্বাচিত হতে না পারলেও, যদি আমার দল রাষ্ট্রক্ষমতায় আসে, তবে ইশতেহারে ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালোবাসায় আগামী নির্বাচনে আমি জয়ী হব।” তিনি আরও বলেন, “এই আসনের সার্বিক উন্নয়নের জন্য আপনাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে নির্বাচিত করে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, সাবেক জেলা সভাপতি ফজলুল হক শামিলসহ ১১ দলীয় জোটের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, ঘোষিত ইশতেহার বাস্তবায়িত হলে লালমনিরহাট সদর উপজেলা একটি পরিকল্পিত, উন্নত ও জনবান্ধব জনপদে রূপান্তরিত হবে।
রিপোর্টারের নাম 























