অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ, যা দেশের ফুটবলের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক টুর্নামেন্টের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে যেমন জায়গা পেয়েছেন সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী, তেমনি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ সাফ মাতানো তরুণী আলপি আক্তার ও সৌরভী আফরিন। অভিজ্ঞতার মিশেলে তারুণ্যের জয়গান গেয়ে এই দলই দেশের প্রতিনিধিত্ব করবে বিশ্ব মঞ্চে।
বাফুফের ঘোষিত এই দলে ২০ বছর বয়সী সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী দেশের নারী ফুটবল ইতিহাসে দ্বিতীয় প্রবাসী খেলোয়াড় হিসেবে মূল দলে জায়গা করে নিয়েছেন। এর আগে জাপানে জন্ম নেওয়া মাতসুশিমা সুমাইয়া প্রথম প্রবাসী নারী ফুটবলার হিসেবে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছিলেন। সুইডেনে বেড়ে ওঠা আনিকা দেশটির ক্লাব ব্রোমাপোইকার্নার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন এবং সম্প্রতি সুইডিশ কাপে ক্লাবটির সিনিয়র দলেও তার অভিষেক হয়েছে। ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবলে খেলার অভিজ্ঞতা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য কাজে লাগাতে মুখিয়ে আছেন আনিকা।
দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে আলো ছড়ানো আলপি আক্তার এবং সৌরভী আফরিন। এছাড়া জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ দুই ফুটবলার আইরিন খাতুন ও সৌরভী আকন্দ, যা দলের শক্তি বাড়াবে বলে আশা করা হচ্ছে।
আগামী ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের ২১তম আসর। তিন গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২টি দল। শক্তিশালী ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন, তিনবারের সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান।
৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে তিনবারের সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে লড়বে বাঘিনীরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ মার্চ উজবেকিস্তানের চ্যালেঞ্জ মোকাবিলা করবে বাংলাদেশের মেয়েরা।
গ্রুপ পর্ব থেকে মোট ৮টি দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। এক্ষেত্রে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলিয়ে ৬টি দল এবং তিন গ্রুপের মধ্য থেকে সেরা তৃতীয় স্থান অধিকারী ২টি দল নকআউট পর্বে উন্নীত হবে। এই এশিয়ান কাপে শেষ আটে পৌঁছাতে পারলে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার ঐতিহাসিক সুযোগ মিলতে পারে বাংলাদেশের মেয়েদের সামনে।
বাংলাদেশের এশিয়ান কাপ দল:
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী।
ডিফেন্ডার: আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন।
মিডফিল্ডার: স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমহেলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন।
ফরোয়ার্ড: আলপি আক্তার, সৌরভী আকন্দ, মোসাম্মৎ সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মৎ সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র।
স্ট্যান্ডবাই: অর্পিতা বিশ্বাস, সিনহা জাহান, শান্তি মার্ডি, তনিমা বিশ্বাস।
রিপোর্টারের নাম 

























