আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোটে বিপুল জনসমর্থন নিয়ে ‘হ্যাঁ’ জয়যুক্ত হতে যাচ্ছে বলে এক জনমত জরিপে উঠে এসেছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসির (আইআইএলডি) পরিচালিত এই জরিপ অনুযায়ী, প্রায় ৮৯ দশমিক ৬ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তাদের রায় দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পল্টনের একটি অভিজাত হোটেলে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: প্রাক-নির্বাচনি জনমত জরিপ’ শীর্ষক এক অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হয়। জরিপের বিস্তারিত তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন।
সারাদেশের ৩০০টি সংসদীয় আসনের মোট ৬৩ হাজার ৬১৫ জন ভোটারের মতামতের ভিত্তিতে এই জরিপটি তৈরি করা হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৭ দশমিক ৫৯ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৪১ শতাংশ নারী ভোটার ছিলেন।
জরিপের ফলাফলে দেখা গেছে, ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ রয়েছে। অংশগ্রহণকারীদের ৯২ দশমিক ৯ শতাংশই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ব্যাপারে প্রবল আগ্রহ প্রকাশ করেছেন। বিপরীতে ৪ দশমিক ৪ শতাংশ ভোটার ভোট না দেওয়ার কথা জানিয়েছেন এবং ২ দশমিক ৭ শতাংশ ভোটার এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।
গণভোটের বিষয়ে সচেতনতার বিষয়ে জরিপে বলা হয়েছে, অংশ নেওয়া ভোটারদের ৭৪ দশমিক ৯ শতাংশ এই ভোট সম্পর্কে অবগত। সচেতন এই ভোটারদের মধ্যেই ৮৯ দশমিক ৬ শতাংশ ‘হ্যাঁ’ এবং ৯ দশমিক ১ শতাংশ ‘না’ ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ (প্রায় ২৫.২ শতাংশ) এখনো গণভোটের বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানেন না বলে জরিপে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 























