আগামী এক দশকের মধ্যে চাঁদে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন ধনকুবের ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। মানবসভ্যতার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আপাতত মঙ্গল গ্রহের চেয়ে চাঁদকেই বেশি গুরুত্ব দিচ্ছে তার মহাকাশ গবেষণা সংস্থাটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক জানান, স্পেসএক্স আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে মঙ্গল গ্রহে বসতি স্থাপনের দীর্ঘমেয়াদি লক্ষ্য ধরে রাখলেও, বর্তমান পরিস্থিতিতে তাদের প্রধান অগ্রাধিকার হলো দ্রুততম সময়ের মধ্যে চাঁদে পৌঁছানো। তার মতে, একটি স্বয়ংসম্পূর্ণ চন্দ্র-শহর নির্মাণ এখন সময়ের দাবি এবং আগামী ১০ বছরের মধ্যেই এটি বাস্তবায়ন করা সম্ভব।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, স্পেসএক্স তাদের বিনিয়োগকারীদের কৌশলগত পরিবর্তনের বিষয়টি অবহিত করেছে। সেখানে বলা হয়, মঙ্গল অভিযানকে ভবিষ্যতের জন্য রেখে প্রতিষ্ঠানটি এখন পূর্ণ শক্তিতে চন্দ্র অভিযানে মনোযোগ দিচ্ছে। পরিকল্পনার অংশ হিসেবে ২০২৭ সালের মার্চের মধ্যেই চাঁদে একটি মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্পেসএক্স।
এদিকে, মহাকাশ গবেষণার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও বড় চমক দেখিয়েছেন মাস্ক। সম্প্রতি তার নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘এক্সএআই’ (xAI) অধিগ্রহণ করেছে স্পেসএক্স। এই চুক্তির ফলে স্পেসএক্সের বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ কোটি ডলারে। অন্যদিকে, এক্সএআই-এর মূল্য ধরা হয়েছে প্রায় ২৫ হাজার কোটি ডলার। বড় ধরনের এই আর্থিক সংহতি চাঁদে শহর গড়ার মতো ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়নে স্পেসএক্সকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 
























