জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং আসন্ন নির্বাচনে পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, রাজনৈতিক মতাদর্শের পাশাপাশি সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি। নির্বাচনকে সামনে রেখে তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি এই আহ্বান জানান।
রোববার রাতে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সারজিস আলম বলেন, “একজন সাংবাদিক হিসেবে আপনাদের হাতে যখন বুম ও ক্যামেরা থাকে, তখন আপনারা সমাজের দর্পণ। তাই যেকোনো রাজনৈতিক দলের শুভাকাঙ্ক্ষী হওয়া বা কোনো প্রতীকে ভোট দেওয়ার স্বাভাবিক অধিকার থাকলেও, দায়িত্ব পালনের সময় মনে রাখতে হবে যে আপনারা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ।” তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকতা তার কাছে একটি পেশা এবং এই পেশার প্রতি তিনি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি গণমাধ্যম কর্মীদের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ রাখেন। তিনি বলেন, “যদি কোনো কেন্দ্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, শক্তি প্রয়োগ করে বা অন্য কোনো আইন-শৃঙ্খলা ভঙ্গ করার অপচেষ্টা করে, তবে তা যেন আপনারা নিরপেক্ষভাবে মানুষের সামনে, দেশের সামনে এবং প্রশাসনের সামনে তুলে ধরেন।”
সারজিস আলম সাংবাদিকদের অধিকার আদায়েও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, “আল্লাহ যদি আমাকে সংসদে যাওয়ার সুযোগ দেন, তাহলে গণমাধ্যমে কর্মরত পেশাদারদের জন্য একটি সুনির্দিষ্ট বেতন কাঠামো তৈরি, আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের সামাজিক ও পারিবারিক সুরক্ষার বিষয়টি আমি সংসদে তুলে ধরব।”
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ এবং পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















