কুমিল্লার তিতাস উপজেলায় এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে মোহনপুর ফেরিঘাট এলাকায় একটি অস্ত্রের চালান হাতবদলের সময় এই অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ২০ মিনিটে তিতাস উপজেলায় মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে এই অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হলেও, তাদের ফেলে যাওয়া একটি বড় চালান আটক করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে পাঁচটি ইস্টেনগান, চারটি থানায় ব্যবহৃত লোডার/কার্তুজ, তিনটি তাজা পিস্তলের অ্যামুনিশন, আটটি পিস্তলের খালি অ্যামুনিশন এবং একটি পিস্তলের ফায়ারিং পিন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, এই অস্ত্রের চালানটি মেঘনা নদীপথ ব্যবহার করে তিতাস নদীতে প্রবেশ করেছিল। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে এই অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
তিতাস আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আল সোহানুর নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে উদ্ধারকৃত সকল অস্ত্র তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, এই ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে তিতাস থানায় একটি অস্ত্র মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 






















