আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ (লোহাগড়া ও নড়াইল সদরের আংশিক) আসনে নির্বাচনী উত্তাপ তুঙ্গে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ ও গণসংযোগে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের ইশতেহার ও প্রতিশ্রুতি তুলে ধরছেন। এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত বিএনপি, দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, স্বাধীনতার পর থেকে এই আসনে অধিকাংশ সময় আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির জন্য একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু দলটির অভ্যন্তরীণ বিভেদ সেই সম্ভাবনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই সুযোগ কাজে লাগিয়ে জামায়াতে ইসলামী তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে, আওয়ামী লীগের একটি অংশের ‘রিজার্ভ ভোট’ও নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
জানা যায়, প্রথমে এই আসনে জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দল এনপিপির চেয়ারম্যান এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়া এজেডএম ফরিদুজ্জামানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী করা হয়। এই আকস্মিক পরিবর্তনে দলের অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দেয়। মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে তার সমর্থকরা অনশন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলে মনিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামেন। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে, তার পক্ষে অবস্থান নেওয়ায় নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক বিএনপি নেতাকেও বহিষ্কার করা হয়। তবে স্থানীয়দের অভিমত, এসব সিদ্ধান্ত মনিরুল ইসলামের জনপ্রিয়তায় তেমন নেতিবাচক প্রভাব ফেলেনি। তার নির্বাচনী সভা-সমাবেশে বিপুল জনসমাগম এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ তার গ্রহণযোগ্যতারই ইঙ্গিত দেয়। এই অভ্যন্তরীণ কোন্দল ও স্বতন্ত্র প্রার্থীর শক্তিশালী অবস্থান নড়াইল-২ আসনের নির্বাচনী সমীকরণকে আরও জটিল করে তুলেছে, যা ভোটের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
রিপোর্টারের নাম 























