দীর্ঘ চার মাসের অচলাবস্থা কাটিয়ে অবশেষে বড় পরিসরে বন্দি বিনিময় সম্পন্ন করেছে যুদ্ধরত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুই দিনব্যাপী নিবিড় আলোচনার পর এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়। গত চার মাসের মধ্যে এটিই দেশ দুটির মধ্যে প্রথম বন্দি বিনিময়ের ঘটনা।
চুক্তির শর্ত অনুযায়ী, রাশিয়া তাদের হেফাজতে থাকা ১৫৭ জন ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ করে দিয়েছে। এর বিপরীতে ইউক্রেনও তাদের হাতে আটক থাকা ১৫৭ জন রুশ সেনাকে রাশিয়ার কাছে হস্তান্তর করেছে। উভয় পক্ষ থেকে সমসংখ্যক বন্দি বিনিময়ের মাধ্যমে এই মানবিক প্রক্রিয়াটি সম্পন্ন হলো।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল অংশ নেয়। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভূখণ্ড সংক্রান্ত বিরোধ নিরসন।
আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই বন্দি বিনিময়কে ইতিবাচক হিসেবে দেখা হলেও মূল সংকট নিরসনে এখনো বড় কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। শান্তি আলোচনার টেবিলে নিরাপত্তা ও ভূখণ্ড নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা চললেও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে আরও সময়ের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে এই বন্দি বিনিময় সাধারণ মানুষের মনে কিছুটা হলেও স্বস্তির আভাস দিচ্ছে।
রিপোর্টারের নাম 























