নভেম্বর ২০২৪ থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে। লেবাননের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের জাবাল আল-রেইহান এলাকার খাল্লাত খাজেমের কাছে আল-ওয়াজানিয়েহ অঞ্চলে একটি ইসরাইলি যুদ্ধবিমানে হামলা চালানো হয়। একই দিনে পূর্ব লেবাননের বেকা উপত্যকার হারমেল শহরের আশপাশের পাহাড়ি এলাকাতেও বিমান হামলার খবর পাওয়া গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে হামলার লক্ষ্যবস্তু এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার পরেও লেবাননের বিভিন্ন অঞ্চলের আকাশে নিচু উচ্চতায় ইসরাইলি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এসব অভিযানে লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য, ইসরাইল ২০২৩ সালের অক্টোবর মাসে লেবাননের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরের দিকে পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেয়। বিভিন্ন সূত্রমতে, এই সংঘর্ষে এখন পর্যন্ত চার হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছে।
রিপোর্টারের নাম 























