দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কাশিওয়াজাকি-কারিওয়া, পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে জাপান। আগামী সপ্তাহে এর একটি রিঅ্যাক্টর চালু করার পরিকল্পনা রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কেন্দ্রটির পরিচালনাকারী সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)-এর কাশিওয়াজাকি-কারিওয়া প্ল্যান্টের প্রধান তাকেয়ুকি ইনাগাকি শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৯ ফেব্রুয়ারি রিঅ্যাক্টরটি চালু করার পরিকল্পনা করা হয়েছে।
পূর্বে একটি অ্যালার্ম-সম্পর্কিত ত্রুটির কারণে কেন্দ্রটি পুনরায় চালুর প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে, ইনাগাকি আশ্বস্ত করেছেন যে এই ত্রুটিটি শুধুমাত্র অ্যালার্মের সেটিংসের সঙ্গে সম্পর্কিত ছিল এবং বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ পরিচালনায় এর কোনো প্রভাব পড়েনি।
গত মাসে নিইগাতা প্রদেশে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রে একটি রিঅ্যাক্টর পুনরায় চালু করার কাজ শুরু হলেও, কয়েক ঘণ্টার মধ্যেই তা বন্ধ করে দিতে হয়েছিল।
উল্লেখ্য, ২০১১ সালে জাপানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয় ঘটে। এর পরিপ্রেক্ষিতে জাপান দেশজুড়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়। সেই সময় থেকেই কাশিওয়াজাকি-কারিওয়া কেন্দ্রটিও বন্ধ ছিল। এই কেন্দ্রটি পুনরায় চালু হওয়ার মাধ্যমে জাপানের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























