পার্বত্য জেলা খাগড়াছড়িতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী-পুরুষ ও যুবক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক নির্বাচনী জনসভা শেষে জনসভা মঞ্চে তারা দলটির আদর্শ ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রতি সংহতি প্রকাশ করে এই যোগদান সম্পন্ন করেন।
অনুষ্ঠানে নবাগতদের স্বাগত জানিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। এ সময় তিনি বলেন, “একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা সবাইকে নিয়ে একযোগে কাজ করতে চাই। আগামী দিনে দেশের প্রতিটি সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে শান্তি ও সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়ে তুলবে জামায়াতে ইসলামী।”
খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, বান্দরবান জেলা আমির এ এস এম আব্দুস সালাম এবং রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মিঞ্জিলা ঝুম ও মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমাসহ স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যোগদানকারী প্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়ায় জানান, সমাজে সাম্য, ন্যায়বিচার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা থেকেই তারা এই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তারা তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























