পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীরা। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে ওই অঞ্চলে রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি।
জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম বিশ্লেষণ অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে মাত্র ২ ঘণ্টা ১৪ মিনিট। একই সঙ্গে চাঁদ ও সূর্য দিগন্তরেখায় প্রায় কাছাকাছি সময়ে অস্ত যাবে। এই স্বল্প সময়ের ব্যবধান এবং চাঁদের অপরিপক্ব বয়সের কারণে ওই দিন সন্ধ্যায় খালি চোখে কিংবা শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমেও আকাশে নতুন চাঁদ দেখা সম্ভব হবে না। শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, বরং মুসলিম বিশ্বের কোনো দেশ থেকেই ওই দিন রমজানের চাঁদ দেখা যাবে না বলে জানানো হয়েছে।
গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, পরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় পশ্চিম আকাশে রমজানের নতুন অর্ধচন্দ্র স্পষ্টভাবে দৃশ্যমান হবে। ওই সময় চাঁদের বয়স ২৬ ঘণ্টা ছাড়িয়ে যাবে এবং এটি দিগন্ত থেকে প্রায় ১২ ডিগ্রি উচ্চতায় অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই সাধারণ মানুষ খালি চোখে এই চাঁদ দেখতে পাবেন।
এই গাণিতিক হিসাব অনুযায়ী, যেসব দেশ সরাসরি চাঁদ দেখার ওপর ভিত্তি করে মাস শুরু করে, সেখানে ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তবে যেসব দেশ বা সংস্থা কেবল জ্যোতির্বিদ্যার হিসাব অনুসরণ করে রমজান শুরুর সিদ্ধান্ত নেয়, তাদের ক্ষেত্রে ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।
রিপোর্টারের নাম 






















