আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার লক্ষ্যে চট্টগ্রাম-৪ আসনের সীতাকুণ্ড উপজেলায় নিরাপত্তা মহড়া সম্পন্ন করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সলিমপুর ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এই মহড়া অনুষ্ঠিত হয়।
যৌথবাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে আয়োজিত এই মহড়ায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বাহিনীর প্রস্তুতি, দক্ষতা এবং সক্ষমতা সরাসরি প্রদর্শন করা হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অংশ নেয়।
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. ফাহিমের নেতৃত্বে পরিচালিত এই মহড়ায় নিয়মিত টহল, নিরাপত্তা বলয় তৈরি, সন্দেহভাজন পরিস্থিতি শনাক্তকরণ এবং সম্ভাব্য সহিংসতা মোকাবিলার কৌশল অনুশীলন করা হয়।
মহড়া পরিদর্শনকালে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।
মহড়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফাহিম জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য যৌথবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। আজকের এই মহড়া তাদের সার্বিক প্রস্তুতিরই একটি অংশ।
নিরাপত্তা মহড়াকে ঘিরে স্থানীয় জনগণের মাঝেও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এমন মহড়া সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন যে, নির্বাচনের পূর্বে উপজেলার বিভিন্ন এলাকায় এমন কার্যক্রম অব্যাহত থাকলে ভোটাররা আরও নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ কোনো প্রকার সহিংসতা বা বিশৃঙ্খলা ছাড়াই নির্বিঘ্নে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারবে।
রিপোর্টারের নাম 






















