নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন এক আকস্মিক সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলার হারারবাড়ি এলাকায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন জানিয়েছেন।
যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি দুলাল হোসেন জানান, দলের চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “বিএনপি এবং ধানের শীষের পক্ষে কাজ করব। দুই মাস আগেও আমি বলেছিলাম, ধানের শীষ যাকে দেওয়া হবে, আমি তার পক্ষেই ভোট করব।” এই ঘোষণার পর তিনি বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে তাকে সমর্থন জানান।
এ সময় উপস্থিত বিএনপি নেতারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন তাদের জন্য জীবন-মরণের সংগ্রাম। দলের নেতা তারেক রহমানের ৩১ দফা পরিকল্পনা ও সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নির্বাচনে জয়লাভ করা ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, মোহাম্মদ দুলাল হোসেনের এই সিদ্ধান্ত আগামীর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ এবং তারেক রহমানের কাঙ্ক্ষিত বাংলাদেশে একজন নতুন যোদ্ধার সংযোজন।
রিপোর্টারের নাম 





















