চট্টগ্রামের সন্দ্বীপে একটি ইটভাটায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির কারখানা ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আমানউল্লাহ ইউনিয়নের বিবিএসটি ব্রিকফিল্ডে পরিচালিত যৌথ অভিযানে কারখানার ম্যানেজারসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—সংশ্লিষ্ট ইটভাটার ব্যবস্থাপক মো. রাসেদ (৪০) এবং রহমতপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর (৪৩)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যে ব্রিকফিল্ড থেকে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, সেটির মালিক আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বাহাদুর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ইটভাটার ব্যবসার আড়ালে সেখানে দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির গোপন কার্যক্রম চলছিল।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বিবিএসটি ব্রিকফিল্ডে এই বিশেষ অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশিকালে সেখান থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃতদের ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে আরও জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে সেখানে অস্ত্র তৈরি ও সরবরাহ করা হচ্ছিল কি না, তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















