বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ এবং জনগণের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যেই যোগ্য নেতৃত্ব নির্বাচন করে থাকে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. ছৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য হলো জনকল্যাণ এবং একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন করা।
বৃহস্পতিবার কক্সবাজারের কুতুবদিয়া বড়ঘোপ সৈকতে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।
ডা. তাহের তার বক্তব্যে কক্সবাজার-২ আসনের গুরুত্ব তুলে ধরে বলেন, এই অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। কুতুবদিয়া ও মহেশখালীর মানুষের অধিকার আদায় এবং এলাকার আধুনিকায়নে জোট মনোনীত প্রার্থী এএইচএম হামিদুর রহমান আজাদকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য তিনি জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি ও বৈষম্য থাকবে না। একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি কুতুবদিয়া ও মহেশখালী অঞ্চলে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
কক্সবাজার-২ আসনের প্রার্থী এএইচএম হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এবং বাংলাদেশ নেজামে ইসলামীর মহাসচিব মুফতি মুসা বিন ইজহার।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আমিসের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক আখতার আলম এবং উপজেলা জামায়াতের আমির আ স ম শাহরিয়ার চৌধুরীসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা আগামী নির্বাচনে জোটের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 





















