আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্তজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ নজরদারি জোরদার করেছে। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সীমান্ত সড়ক ও নৌপথে নিয়মিত টহল বৃদ্ধির পাশাপাশি একাধিক চেকপোস্ট স্থাপন করেছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরতলির রাধানগর পয়েন্টে স্থাপিত একটি চেকপোস্ট পরিদর্শন ও কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির।
এ সময় তিনি জানান, সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে মোট ১০টি উপজেলায় ২৮ বিজিবি পূর্ণাঙ্গভাবে ২৪ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে তিনটি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে, এবং আরও একটি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ টহল অব্যাহত রয়েছে। এছাড়াও, অন্য ছয়টি উপজেলায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। ১লা ফেব্রুয়ারি থেকে এই বিশেষ কার্যক্রম শুরু হয়েছে।
অধিনায়ক আরও জানান, বিজিবি তার দায়িত্বপূর্ণ এলাকায় ভোটকেন্দ্রসহ স্পর্শকাতর স্থানগুলো অত্যাধুনিক ড্রোন ও বডি-অন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পর্যবেক্ষণ করছে। নির্বাচনকালীন সার্বিক পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং জনগণের ভোটাধিকার সুরক্ষিত রাখতে বিজিবি সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে।
রিপোর্টারের নাম 





















