সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন নাগরিক সুবিধায় মধ্যনগর উপজেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। প্রয়োজনীয় সংস্কার ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে এই জনপদকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমদ খান তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন বৈষম্যের চিত্র তুলে ধরে বলেন, দেশের অনেক জেলা ও উপজেলার পাড়া-মহল্লায় একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থাকলেও মধ্যনগরে আজও কোনো ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়নি। দীর্ঘ সময় ধরে এই এলাকার মানুষের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি অবকাঠামো নির্মাণে মধ্যনগরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং অন্যান্য এলাকার তুলনায় বেশি বরাদ্দ নিশ্চিত করা হবে।
ভৌগোলিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে তিনি বলেন, এই অঞ্চলটি বন্যাকবলিত হওয়ায় এখানে টেকসই ও মজবুত ভবন নির্মাণ অত্যন্ত জরুরি। বিশেষ পরিকল্পনা অনুযায়ী সরকারি ভবনগুলো এমনভাবে তৈরি করা হবে, যাতে দুর্যোগের সময় স্থানীয় মানুষ সেগুলোকে নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে জামায়াত মনোনীত এই প্রার্থী বলেন, বাংলাদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবার। ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে দেশ ও দশের উন্নয়নে কাজ করতে হবে। একটি বৈষম্যহীন ও সম্প্রীতির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
মধ্যনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলী হোসেনের সভাপতিত্বে ও মধ্যনগর সদর ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল মোসাব্বিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুল্লাহ ও সহকারী সেক্রেটারি মো. আব্দুল কবির।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আহম্মদ সাইমুন, সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদ মিয়া, তাহিরপুর উপজেলা শ্রমিক দলের সদ্য পদত্যাগকারী সভাপতি ফেরদৌস আলম, জামায়াত নেতা অমিতাব চৌধুরী, ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের স্কুল ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারহান চৌধুরী এবং মধ্যনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ। জনসভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















