মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজার থেকে কিশোর গ্যাং ও তথাকথিত ‘অ্যাডাল্ট গ্যাং’সহ সব ধরনের অপরাধী চক্র নির্মূল করা হবে। অপরাধ দমনে কোনো আপস করা হবে না এবং চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক শহর গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ইয়ুথ ফোরাম মৌলভীবাজার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ক্রীড়া ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং যুবসমাজের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাসের রহমান তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মকে সুস্থ ধারার বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে মৌলভীবাজার ও রাজনগরের যুবসমাজকে মাঠমুখী করতে একটি আধুনিক শুটিং ক্লাব এবং নিয়মিত ফুটবল লিগের আয়োজন করা হবে। এছাড়াও শেরপুরের আইনপুর মাঠকে একটি পূর্ণাঙ্গ ও উন্নত মানের খেলার মাঠে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে তাঁর।
ক্রীড়া অবকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, এলাকার কলেজ মাঠগুলোকে সংস্কার করে ফুটবল ও ক্রিকেট অনুশীলনের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে আধুনিক সুইমিং পুল নির্মাণ এবং ফুটবল লিগ পুনরায় চালু করা হবে।
কাবাডিসহ অন্যান্য ইনডোর গেমসের প্রসারে নাসের রহমান বলেন, কাবাডি খেলোয়াড়দের জন্য একটি পৃথক ইনডোর স্টেডিয়াম এবং তরুণদের নিয়মিত অনুশীলনের সুবিধার্থে একটি আধুনিক মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে।
শহরের কাশীনাথ স্কুল মাঠে একটি স্থায়ী স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়ে বিএনপির এই নেতা বলেন, এই মাঠটি শুধুমাত্র খেলাধুলার জন্যই সংরক্ষিত থাকবে। সেখানে কোনো ধরনের বাণিজ্যিক মেলার আয়োজন করতে দেওয়া হবে না। যুবসমাজকে মাদকমুক্ত ও সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
রিপোর্টারের নাম 





















