পিরোজপুর-২ আসনের নেছারাবাদ উপজেলায় আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির্বিঘ্ন করতে এসব কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চিহ্নিত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যেকোনো প্রকার অনিয়ম, প্রভাব বিস্তার, সহিংসতা, ভোট কারচুপি অথবা ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টির অপচেষ্টা রুখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
নেছারাবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা রুবায়েত হোসেন জানান, পিরোজপুর-২ আসনের অন্য দুই উপজেলা কাউখালী ও ভান্ডারিয়ার চেয়ে নেছারাবাদে ভোটার ও ভোটকেন্দ্রের সংখ্যা সর্বাধিক। এ কারণেই এখানকার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। মূলত এ আসনের জয়-পরাজয় নেছারাবাদ উপজেলার ভোটারদের ওপরই নির্ভর করে। তিনি আরও বলেন, এই উপজেলায় হালনাগাদ ১ লাখ ৯৮ হাজার ১ জন ভোটার রয়েছেন। তাদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ৭৭টি ভোটকেন্দ্রে ব্যালট বক্স, ব্যালট পেপার, সিসি ক্যামেরাসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম যথাসময়ে সরবরাহের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
এদিকে, পিরোজপুর জেলা নির্বাচন কমিশনার আবদুর মান্নান জানান, পিরোজপুর-২ আসনটি নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া—এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৩০২ জন এবং মোট ভোটকেন্দ্র ১৬৬টি। এবারের নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আরও উল্লেখ করেন, নেছারাবাদ উপজেলায় ভোটার ও ভোটকেন্দ্রের সংখ্যা সর্বাধিক হওয়ায় ওই এলাকার কিছু কেন্দ্রকে ‘অতিঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















