আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শরীয়তপুরে বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বুধবার রাতে জেলার তিনটি ভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে আধুনিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, বুধবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় মন্টু তালুকদারের বাড়িতে প্রথম অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানে একটি শর্টগান, ৭১ রাউন্ড কার্তুজ, দুটি একে-২২ বোর রাইফেল, ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন এবং ১২ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি উদ্ধার করা হয়। একইসঙ্গে, দুটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার সরঞ্জাম, একটি মোটরসাইকেল, একটি ডেগার, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা এবং একাধিক সিম কার্ড ও মেমোরি কার্ড জব্দ করা হয়। এই বাড়ি থেকে জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়, যিনি মন্টু তালুকদারের স্ত্রী।
একই রাতে নড়িয়া ক্যাম্পের কমান্ডার মেজর অনন্যর নেতৃত্বে নড়িয়ার মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এই অভিযানে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ এবং দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়া, ডামুড্যা এলাকায় পরিচালিত পৃথক একটি অভিযানে একটি ইলেকট্রিক শক মেশিন ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদকসংশ্লিষ্ট কার্যকলাপ বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শরীয়তপুর জেলায় সেনাবাহিনীর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সেনাবাহিনীর এই ধারাবাহিক অভিযানের ফলে জেলায় আতঙ্ক সৃষ্টিকারী অপরাধী চক্রের তৎপরতা অনেকাংশে কমে আসবে এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।
রিপোর্টারের নাম 





















