হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ১৪ দিন পর শহিদ খান (৪৮) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বোয়ালিয়া এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শহিদ একই গ্রামের মৃত আফজল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি বিকেলে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর শহিদ খান নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেও কোনো সন্ধান পাননি।
সোমবার সন্ধ্যার দিকে বোয়ালিয়া এলাকার একটি ডোবার পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, শহিদ নিখোঁজ হওয়ার পর থেকেই তার পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি চলছিল। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই শহিদ খানের মৃত্যু হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 





















