চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে এ সময় শ্রমিকরা বন্দর চেয়ারম্যান এম মনিরুজ্জামানের অপসারণ দাবি করেন। বন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করতে উপদেষ্টা চট্টগ্রামে এসেছিলেন।
বেলা ১১টার দিকে উপদেষ্টার গাড়িবহর বন্দর ভবনে প্রবেশের ঠিক আগে গেটেই তাদের পথ আটকান শ্রমিক-কর্মচারীরা। পরে উপদেষ্টা গাড়ি থেকে নেমে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এসময় তারা বন্দরকে কোনো মাফিয়া গোষ্ঠীর হাতে তুলে না দেওয়ার জোরালো দাবি জানান।
নৌ পরিবহন উপদেষ্টা তার বক্তব্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কাজ করবে না। তিনি আরও বলেন, অতীতে যেমন একটি মাফিয়া গোষ্ঠী বন্দর নিয়ন্ত্রণ করতো, ভবিষ্যতে আর এমনটা হবে না। এ সময় শ্রমিক-কর্মচারীরা বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারণের দাবি পুনরায় ব্যক্ত করেন।
জবাবে উপদেষ্টা শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, সবার সঙ্গে আলোচনা শেষে তিনি দুপুরে শ্রমিকদের সঙ্গে একান্তে কথা বলবেন। সমস্যা সমাধানের মানসিকতা নিয়েই তিনি চট্টগ্রামে এসেছেন বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা।
উল্লেখ্য, বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে এবং শ্রমিকদের গণহারে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে বন্দরের শ্রমিক-কর্মচারীরা। এর আগে গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তারা ২৪ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছিলেন। জাতীয়তাবাদী শ্রমিকদল, স্কপ এবং বন্দর রক্ষা পরিষদ নামের তিনটি সংগঠন এই কর্মসূচিতে অংশ নিচ্ছে।
রিপোর্টারের নাম 





















