পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাধারণ মানুষের রক্ত চোষা সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের পঞ্চগড় থেকে চিরতরে বিতাড়িত করা হবে। তিনি প্রতিশ্রুতি দেন, তাঁর জোট ক্ষমতায় গেলে দেশে কোনো প্রকার চাঁদাবাজি ও ধান্দাবাজির স্থান থাকবে না।
গত বুধবার সন্ধ্যায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম অভিযোগ করে বলেন, “পঞ্চগড় ও তেঁতুলিয়ার গুটিকয়েক প্রভাবশালী ব্যক্তি সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। বিশেষ করে বালু ও পাথর মহালের শ্রমিকদের হাড়ভাঙা খাটুনির টাকা থেকে তারা বছরের পর বছর ধরে অবৈধভাবে কমিশন বা ‘পার্সেন্টেজ’ ভোগ করছে। শ্রমিকের ঘাম ও কষ্টের টাকায় যারা বিলাসিতা করছে, তাদের আর ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় নেতাদের সমালোচনা করে তিনি আরও বলেন, কিছু নেতা দিনের বেলায় জনদরদি সেজে থাকলেও রাতের আঁধারে মাদক কারবার, চোরাচালান ও চাঁদাবাজির সঙ্গে লিপ্ত থাকেন। এই দ্বিচারিতা বন্ধ করে একটি স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।
নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে সারজিস আলম বলেন, নির্বাচিত হতে পারলে তেঁতুলিয়া উপজেলার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। তিনি বলেন, “পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবি ২৫০ শয্যার হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে এবং প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ দিয়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এছাড়া উপজেলার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নসহ মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
তেঁতুলিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত সৈনিক হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় ১১ দলীয় জোটের শরিক দলগুলোর স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন পঞ্চগড় জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মো. মুরশেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শাহজাহান মেম্বার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন।
পথসভার আগে একটি বিশাল নির্বাচনি মিছিল তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে এনসিপির যুব উইং এবং জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
রিপোর্টারের নাম 





















