লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম বলেছেন, নির্বাচিত হলে তিনি রামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করবেন। তিনি এলাকার মানুষের সেবা নিশ্চিত করতে এবং উন্নয়নের জোয়ার বইয়ে দিতে বদ্ধপরিকর। বুধবার লক্ষ্মীপুরের ভাটরা ইউনিয়নে দিনব্যাপী আয়োজিত বিভিন্ন নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাদাত হোসেন সেলিম বলেন, “আমি রামগঞ্জ থেকে কিছু নিতে আসিনি, বরং এই জনপদকে কিছু দিতে এসেছি। আমার একমাত্র লক্ষ্য হচ্ছে রামগঞ্জের উন্নয়ন এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করা। নির্বাচিত হলে আমার যাবতীয় চিন্তা ও পরিকল্পনা থাকবে এই এলাকার অগ্রযাত্রাকে কেন্দ্র করে।”
নির্বাচনি প্রচারণায় প্রতিপক্ষ প্রার্থীর কঠোর সমালোচনা করে তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী অতীতে ধর্মকে পুঁজি করে বিভ্রান্তি ছড়িয়েছিল, কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বর্তমানে যারা ভিন্ন প্রতীকে নির্বাচন করছেন, তাদের রাজনৈতিক অবস্থান ও প্রতীক নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও সংশয় রয়েছে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুব আলমের নাম উল্লেখ করে তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় সংশ্লিষ্ট প্রার্থী দেশে ছিলেন না, অথচ এখন নিজেকে সেই আন্দোলনের যোদ্ধা হিসেবে দাবি করছেন। গত দেড় বছরে তার অর্জিত বিপুল সম্পদের উৎস নিয়ে জনগণের মনে প্রশ্ন রয়েছে। এমনকি তার নিজ পরিবারের সদস্যরাও তার পাশে নেই বলে দাবি করেন শাহাদাত সেলিম। উল্লেখ্য, ১০-দলীয় জোটের প্রার্থী হিসেবে মাহবুব আলম এই আসনে শাপলাকলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন তুর্কি, যুক্তরাজ্য বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. আবু নাসের এবং কেন্দ্রীয় ছাত্রদল নেতা ওমর ফারুক শাকিলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শাহাদাত হোসেন সেলিমকে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
রিপোর্টারের নাম 





















