বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। তিনি দৃঢ়তার সাথে বলেছেন, স্বাধীনতার প্রধান ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অথচ ডা. শফিকুর রহমান কর্নেল অলিকে স্বাধীনতার ঘোষক দাবি করে সম্পূর্ণ ইতিহাসবিরোধী বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
বুধবার সন্ধ্যায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। উখিয়ার কোটবাজার স্টেশনে আয়োজিত এই পথসভায় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মক্ষম হাতে পরিণত করা হবে। জনগণের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, বিএনপি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং এটি গণমানুষের দল। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের মুখে স্বাধীনতার কথা শোভা পায় না।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক অধ্যক্ষ আকতার চৌধুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।
রিপোর্টারের নাম 





















