কুমিল্লা-০৭ (চান্দিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাবেক মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যা সারা বিশ্ব অবগত। সম্প্রতি জিয়াউর রহমানের অবদান নিয়ে ওঠা প্রশ্নগুলোকে তিনি ‘ভ্রান্ত সংবাদ’ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেন। মঙ্গলবার বিকেলে চান্দিনার খোববাড়িয়া এলাকায় এক নির্বাচনী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. রেদোয়ান আহমেদ বলেন, কর্নেল অলির অবদানকে আমি খাটো করছি না, তবে তিনি যে কথা আজ জামায়াত নেতার মাধ্যমে জাতিকে জানাতে এসেছেন, তা অত্যন্ত আশ্চর্যজনক। এটি সম্পূর্ণ ভ্রান্ত সংবাদ। জিয়াউর রহমান জীবিত থাকতে নিজে কখনো এ ধরনের কথা বলেননি, এবং এর আগে আমরা কখনো কারো মুখে এমন উক্তি শুনিনি।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ‘আই রিভোল্ট’ বলে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সে সময় কর্নেল অলি একজন ক্যাপ্টেন ছিলেন। মেজর শওকত এবং খালেকুজ্জামানসহ কর্নেল অলির অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা একই ইউনিটে ছিলেন। মৃত্যুর পরে সমস্ত কৃতিত্ব দাবি করা সমীচীন নয়। কর্নেল অলির এমন মন্তব্যে জিয়াউর রহমানের অবদান প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। ড. রেদোয়ান তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, “আমিও জেড ফোর্সে ছিলাম। কর্নেল অলি আমার কোম্পানি কমান্ডার ছিলেন এবং আমি তার অধীনে স্টুডেন্ট প্লাটুনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছি।”
এর আগে, নির্বাচনী সভায় ড. রেদোয়ান আহমেদ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। তিনি উপস্থিত গ্রামবাসীদের আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে তাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।
সভায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম চৌধুরী নোমান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 





















