চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, তার প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হাইমচরের সকল ভোটারের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি একটি সহিংসতামুক্ত, ভেদাভেদহীন এবং মিথ্যা মামলাবিহীন চাঁদপুর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের ২ নং ওয়ার্ডের দেওয়ান বাড়িতে মহিলাদের সাথে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট শাহজাহান মিয়া তার বক্তব্যে আরও বলেন, দাঁড়িপাল্লার বিজয়েই মানুষ নিরাপদ থাকবে এবং রাজনৈতিক হিংসা, ভেদাভেদ ও মিথ্যা মামলার অবসান হবে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি অনুষ্ঠিত ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভোট প্রমাণ করেছে যে জনগণ এখন আর দুর্নীতিবাজদের সমর্থন করে না। তরুণ সমাজ আজ সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় আগ্রহী। আসন্ন ১২ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি হাইমচরের দক্ষিণ আলগী, চরভৈরবী ও উত্তর আলগী ইউনিয়নে একাধিক উঠান বৈঠক ও সমাবেশে অংশ নেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা আবুল হোসেন, সেক্রেটারি জসিম উদ্দিন বাহার, ঢাকা গুলিস্তান জামায়াতের সহকারী সেক্রেটারি সুলতান সরদার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মকবুল হোসেন মকবুল, উপজেলা জামায়াতের প্রতিষ্ঠাতা সভাপতি ও ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আলী আকবর। এছাড়াও উপজেলা জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
রিপোর্টারের নাম 





















