কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নির্বাচনী প্রচারণায় শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে তাদের নানা সমস্যা সমাধান ও আধুনিক শিক্ষানগরী গড়ার আশ্বাস দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। মঙ্গলবার সকালে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবিগুলো পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় শিক্ষার্থীরা তাদের জীবনমান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে একগুচ্ছ দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল—নারী শিক্ষার অগ্রগতি ত্বরান্বিত করা, প্রতিটি স্কুল ও কলেজে মানসম্মত ক্যান্টিন ও ছাত্রী হোস্টেল নির্মাণ, শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা চালু, ইভটিজিং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্রীড়া চর্চার প্রসারে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ।
শিক্ষার্থীদের উদ্দেশে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, দীর্ঘ সময় পর দেশের সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এবারের নির্বাচনে তরুণ ও নতুন ভোটাররাই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর হিসেবে ভূমিকা রাখবেন। তিনি তরুণদের প্রথম ভোটটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক ‘ধানের শীষ’ এ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণ প্রজন্মের চাওয়া-পাওয়া বুঝতে আমরা ‘তরুণদের চোখে কিশোরগঞ্জ-২’ শীর্ষক একটি বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করেছি। এতে অভূতপূর্ব সাড়া মিলেছে এবং শিক্ষার্থীরা বিলবোর্ডের মাধ্যমে তাদের নানা প্রত্যাশার কথা জানিয়েছেন।
তিনি আরও বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে শিক্ষার্থীদের এই ভাবনা ও দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে কটিয়াদী-পাকুন্দিয়াকে একটি আধুনিক ও শিক্ষাবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল, সদস্য সচিব শাহীন আলম জনি, পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌস এবং যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন সাগর। এছাড়াও পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তৌফিক সরকার ও সাধারণ সম্পাদক এনামুল হক বিজয়সহ স্থানীয় ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























