সিলেটের ওসমানীনগরে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী দিলসাদুর রহমান ওরফে ডায়মন্ডসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার সিকন্দরপুর এলাকায় পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ওসমানীনগর সেনা ক্যাম্পের দুটি টহল দল এবং স্থানীয় থানা পুলিশের একটি চৌকস দল এই যৌথ অভিযানে অংশ নেয়। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তির নাম সরফ আলী। অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম (ক্লিনিং কিট), তিনটি দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট জব্দ করা হয়েছে।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সরফ আলীকে ইতিমধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে এবং শীর্ষ সন্ত্রাসী ডায়মন্ডকেও হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্রধারীদের নির্মূল করতে এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধারসহ বেশ কয়েকজন চিহ্নিত অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।
রিপোর্টারের নাম 

























