আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর পক্ষে বিরামহীন প্রচার চালিয়ে যাচ্ছেন তার সহধর্মিণী লায়ন জামিলা নাজনীন মাওলা। স্বামীর অনুপস্থিতিতে তিনি একাই নির্বাচনী এলাকার ১২০টি ওয়ার্ডে গণসংযোগ করে চলেছেন, যা স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে কারাবন্দি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তাকে প্রায় দশ বছর ধরে কারাভোগ করতে হয়েছে। ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তারের পর রাষ্ট্রদ্রোহসহ প্রায় ৭৬টি মামলায় তাকে টানা সাড়ে আট বছর কারাগারে কাটাতে হয়েছে। এ দীর্ঘ সময় কেবল একজন রাজনৈতিক নেতার জন্যই নয়, তার পুরো পরিবারের ওপরও চরম আর্থিক, মানসিক ও সামাজিক চাপ সৃষ্টি করেছে।
এই কঠিন সময়ে নীরবে কিন্তু দৃঢ়চিত্তে স্বামীর পাশে থেকেছেন লায়ন জামিলা নাজনীন মাওলা। সন্দ্বীপের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২৪তম ব্যাচের এই শিক্ষিত নারী কেবল একজন সহধর্মিণী নন, তিনি একজন প্রকৃত সহযোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ভোগবিলাস ও ব্যক্তিগত স্বপ্ন বিসর্জন দিয়ে তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন।
নির্বাচনী প্রচারণায় জামিলা নাজনীন মাওলা সীতাকুণ্ডের পাড়া-মহল্লার আঁকাবাঁকা পথে অবিরাম ছুটে চলেছেন। মানুষের সঙ্গে কুশল বিনিময়, সরাসরি যোগাযোগ স্থাপন এবং যুক্তিনির্ভর ও সাবলীল বক্তব্যের মাধ্যমে তিনি এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করছেন। তার প্রচারের মূল বার্তা হলো— আপস নয়, সংগ্রামই পথ। দীর্ঘদিন লায়নিজমের সঙ্গে যুক্ত থাকলেও প্রচারবিমুখ ও সাদাসিধে জীবনযাপনকারী এই নারীর সংযত প্রচারণা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে।
এলাকাবাসীর চোখে আসলাম চৌধুরী আজ শুধু একজন নির্বাচনী প্রার্থী নন, তিনি কারাবন্দিত্ব, নির্যাতন ও আপসহীন রাজনৈতিক সংগ্রামের প্রতীক। আর তার পাশে থাকা নাজনীন মাওলা সেই নীরব শক্তির প্রতিচ্ছবি, যাদের ত্যাগ অনেক সময় প্রচারের আলো ছাড়াই ইতিহাসের অংশ হয়ে যায়।
উল্লেখ্য, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বক্তব্য দেন আসলাম চৌধুরীর সহধর্মিণী নাজনীন মাওলা। সেখানে তিনি স্বামীর রাজনৈতিক সংগ্রাম ও জনগণের প্রতি তার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
রিপোর্টারের নাম 

























