রাজধানীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গ্রীন পার্টি’। সোমবার একটি রুফটপ রেস্টুরেন্টে ‘বিসমিল্লাহ’ শীর্ষক সংক্ষিপ্ত এক আয়োজনের মাধ্যমে দলটির নাম ও স্লোগান ঘোষণা করা হয়। পরিবেশবান্ধব এবং ন্যায়বিচারভিত্তিক রাজনীতির অঙ্গীকার নিয়ে দলটির স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘ইনসাফ ও প্রকৃতির পাহারাদার’।
অনুষ্ঠানে দলের আহ্বায়ক রিদওয়ান হাসান নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম ঘোষণা করেন। তিনি বলেন, বাংলাদেশ গ্রীন পার্টির এই যাত্রা কোনো আকস্মিক রাজনৈতিক ঘোষণা নয়; বরং বর্তমান প্রেক্ষাপটে দেশে ইনসাফ কায়েম এবং পরিবেশবান্ধব রাজনীতির অপরিহার্যতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দলের লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর জানান, বাংলাদেশ গ্রীন পার্টি মূলত কওমি মাদরাসা থেকে উঠে আসা একদল সচেতন তরুণের রাজনৈতিক প্রয়াস। এই দল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জুলাই বিপ্লবের বৈষম্যহীন ও আধুনিক রাষ্ট্র বিনির্মাণের চেতনায় গভীরভাবে বিশ্বাসী। রাজনীতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দলটির সাংগঠনিক ভিত্তি হবে থানা কমিটি।
সাংগঠনিক কাঠামোর বিশেষত্ব হিসেবে জানানো হয়, দলের কেন্দ্রীয় আহ্বায়ক রিদওয়ান হাসান যাত্রাবাড়ী থানা কমিটির সদস্য এবং সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর ধামরাই থানা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার দায়িত্ব পালন করছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেবল মিছিল-মিটিং বা রাজনৈতিক শো-ডাউন তাদের মূল লক্ষ্য নয়; বরং ধাপে ধাপে একটি শক্তিশালী ও সচেতন রাজনৈতিক সংগঠন গড়ে তোলাই গ্রীন পার্টির উদ্দেশ্য। আগামীর তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে দলটি কাজ করে যাবে।
রিপোর্টারের নাম 





















