পদ্মা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST) এর শিক্ষার্থী আবু নাঈমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর সোমবার দুপুরে কোস্ট গার্ড, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্ধারকারী দল তার লাশ উদ্ধার করে। কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গত ৩১ জানুয়ারি শনিবার বিকেল ৩টার দিকে আবু নাঈম তার আরও দুই সহপাঠীর সঙ্গে পদ্মা সেতুর ৪ নম্বর পিলার সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তার দুই সহপাঠী তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ওই দিনই উদ্ধার অভিযান শুরু করে। গত শনিবার থেকে সোমবার দুপুর পর্যন্ত টানা তল্লাশি অভিযান চালানো হয় পদ্মা নদীর নির্দিষ্ট এলাকাটিতে।
অবশেষে সোমবার দুপুর ১২টার দিকে যৌথ উদ্ধারকারী দল নিখোঁজ শিক্ষার্থী আবু নাঈমের মরদেহ খুঁজে পায়। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















