স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. সিদ্দিকুর রহমান ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এই নিয়োগ ব্যাংকিং খাতে তার সুদীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২০২৩ সালের আগস্ট মাসে শরী‘আহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের পর থেকেই মো. সিদ্দিকুর রহমান ব্যাংকের সামগ্রিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। বিশেষ করে, ব্যাংকের কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং শরী‘আহ ভিত্তিক কাঠামোকে আরও সুসংহত করতে তার ভূমিকা অনস্বীকার্য।
স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের পূর্বে জনাব সিদ্দিকুর রহমান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র উপ-ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ইসলামী ব্যাংকে তার সুদীর্ঘ ৩১ বছরের কর্মজীবন ব্যাংকটির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রেখেছে।
আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে তার রয়েছে বিশেষ দক্ষতা, যার স্বীকৃতিস্বরূপ তিনি প্যারিস ভিত্তিক আইসিসি এবং যুক্তরাজ্যের আইএফএস কর্তৃক সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) উপাধি অর্জন করেছেন। এছাড়া, ইসলামি ব্যাংকিংয়ে তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন জনাব রহমান বাহরাইন ভিত্তিক এএওআইএফআই কর্তৃক সার্টিফাইড শরি‘আহ এডভাইজার এন্ড অডিটর (সিএসএএ) ফেলোশিপ প্রাপ্ত।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রী লাভ করেন এবং পরবর্তীতে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) সম্পন্ন করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি এবং আইবিটিআরএ থেকে ডিপ্লোমা ইন ইসলামি ব্যাংকিং (ডিআইবি) সফলভাবে সম্পন্ন করেছেন। ব্যাংকিং খাতের বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।
রিপোর্টারের নাম 





















