পবিত্র লাইলাতুল বারাআত বা শবে বরাত আজ মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাত।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মাগরিবের নামাজের পর ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে শবে বরাতের মূল অনুষ্ঠানমালা শুরু হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বারাআতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে ওয়াজ করবেন ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী। রাত সাড়ে ৮টায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বারাআতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে ওয়াজ করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
ব্যক্তিগত নফল ইবাদত ও জিকির-আযকারের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ রাতভর মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শবে বরাতের অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও, পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিগুলোতেও অনুরূপ আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















