আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফি ব্যবহারকারীদের জন্য চালু করেছে বিশেষ ডিজিটাল সেবা ‘ইলেকশন কর্নার: ভোটের হাওয়া’। এই কর্নারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন নির্বাচন সংক্রান্ত সকল নির্ভরযোগ্য তথ্য ও সংবাদ সহজেই টফি অ্যাপের ভেতরেই খুঁজে পাবেন।
নির্বাচনী তথ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে ‘ভোটের হাওয়া’ দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব স্থাপন করেছে। এর ফলে, এই ডিজিটাল কর্নারে যুক্ত করা হয়েছে যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ নির্বাচনী তথ্য এবং বিভিন্ন কনটেন্ট। গুরুত্বপূর্ণ এই সময়ে যেকোনো সময়োপযোগী ও বিশ্বাসযোগ্য তথ্য খুব সহজে পেতে এটি ব্যবহারকারীদের সহায়তা করবে। নিজেদের ‘পিপল ফার্স্ট’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে টফি এই উদ্যোগের মাধ্যমে সকল নির্ভরযোগ্য সংবাদমাধ্যমকে একটি একক প্ল্যাটফর্মে এনেছে, যাতে নির্বাচনের সময়ে নাগরিকরা নির্ভুল তথ্য সহজে জানতে পারেন।
‘ভোটের হাওয়া’ কর্নারে দেশের সকল প্রধান মূলধারার টেলিভিশন চ্যানেলগুলোকে যুক্ত করা হয়েছে, যা ভোটারদের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি করেছে। এখানে লাইভ সম্প্রচারের পাশাপাশি থাকছে নির্বাচিত সংবাদ ভিডিও, যা আকারে ছোট এবং সহজে দেখার উপযোগী করে তৈরি করা হয়েছে। এসব ভিডিওতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। এছাড়া, ব্যবহারকারীদের সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ইস্যু ও ঘটনাবলি গভীরভাবে বুঝতে সাহায্য করার জন্য এই কর্নারে থাকছে বিশ্লেষণধর্মী প্রতিবেদন ও বিস্তারিত প্রবন্ধ।
নির্বাচনকালীন সময়ে জনমতের প্রতিফলন দেখার জন্য ব্যবহারকারীদের মতামত প্রকাশের সুযোগ দিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ পোলও যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের ভাবনা ও প্রবণতা সহজেই অনুধাবন করা যাবে।
এই উদ্যোগের মধ্য দিয়ে টফি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহী। প্রযুক্তি, কনটেন্ট এবং ব্যবহারকারীর সক্রিয় অংশগ্রহণকে সমন্বিত করে নির্বাচনের পুরো সময়টাতে মানুষকে সঠিকভাবে তথ্য সরবরাহ করাই এর মূল লক্ষ্য।
এ বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “অর্থবহ নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে নির্ভরযোগ্য তথ্যের সহজলভ্যতা অত্যন্ত জরুরি। টফির ‘ভোটের হাওয়া’ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দায়িত্বশীলভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যাচাইকৃত সংবাদ, বিশ্লেষণ এবং দেশের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগগুলোকে এক জায়গায় আনতে পেরেছি। আমাদের মূল লক্ষ্য হলো দেশজুড়ে নির্বাচন–সংক্রান্ত বিশ্বাসযোগ্য তথ্য আরও সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলা এবং ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে আমাদের এই প্ল্যাটফর্মটিকে নিরন্তর উন্নত করা।”
রিপোর্টারের নাম 





















