পবিত্র শবে বরাতকে মহান আল্লাহর অশেষ রহমত লাভের এক অনন্য সুযোগ হিসেবে অভিহিত করে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় প্রার্থনা এবং মানব সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে মুসলমানরা পালন করবেন মহিমান্বিত এই রজনী। সোমবার এক বাণীতে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে পবিত্র শবে বরাতের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
বাণীতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, পবিত্র শবে বরাত আমাদের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অসাধারণ সুযোগ নিয়ে আসে। তিনি বলেন, হাদিসে বর্ণিত আছে, এই পুণ্যময় রাতে আল্লাহ তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন, তাই এ রাত সৌভাগ্যময় রজনী হিসেবে বিশ্বাস করা হয়।
প্রফেসর ইউনূস তাঁর বার্তায় বলেন, মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা অর্জন করতে পারি আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত।
তিনি আরও বলেন, আসুন, পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এই অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে আমরা দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করি এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করি। সকল অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করি।
প্রধান উপদেষ্টা তাঁর বাণীর শেষে সর্বশক্তিমান আল্লাহর কাছে সকলের ক্ষমা ও হেফাজত কামনা করেন।
রিপোর্টারের নাম 





















