ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এবং ইন্দোনেশিয়ার পলিটেকনিক পারকাপালান নেগারি সুরাবায়া (পিপিএনএস)-এর মধ্যে একটি যুগান্তকারী সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মানবসম্পদ উন্নয়ন, বিজ্ঞান ও প্রকৌশল প্রযুক্তির ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে শিক্ষা, গবেষণা এবং কমিউনিটি সার্ভিস বিষয়ে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উদ্দেশ্যে গত ১ ফেব্রুয়ারি, রবিবার, ডুয়েটের সভাকক্ষে এই চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তির মাধ্যমে উভয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হলো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার উপস্থিত ছিলেন।
ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এই সমঝোতা স্মারকটিকে জ্ঞান বিনিময়, গবেষণা এবং প্রযুক্তির সেতুবন্ধনের একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠানের শিক্ষা ও সংস্কৃতির মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এর ফলে একাডেমিক জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং শিক্ষার্থীদের বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বৃদ্ধি পাবে, যা আমাদের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে। উপাচার্য আরও উল্লেখ করেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পঞ্চম শিল্পবিপ্লবের প্রস্তুতি গ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করা এবং এই পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলাই ডুয়েটের মূল লক্ষ্য। পিপিএনএস-এর সঙ্গে এই এমওইউ সেই লক্ষ্য অর্জনে একটি নতুন পদক্ষেপ, যা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তি সুদৃঢ় করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই একাডেমিক অংশীদারত্ব শুধু শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষের এক যৌথ যাত্রায় পরিণত হবে এবং ভবিষ্যতের উদ্ভাবনী ও টেকসই বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ডুয়েট ও পিপিএনএস-এর যৌথ উদ্যোগ ডুয়েটের উচ্চশিক্ষা, গবেষণা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনকে আরও শক্তিশালী করবে। এটি দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই চুক্তি দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়কে আরও সম্প্রসারিত করবে এবং আন্তর্জাতিক মানের গবেষণার নতুন সম্ভাবনা উন্মোচন করবে।
উপাচার্যের উপস্থিতিতে ডুয়েটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। অন্যদিকে, পিপিএনএস-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক রাচমাদ ত্রি সেলিস্তিজিনো, এস.টি., এম.টি.। এ সময় পিপিএনএস-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সাসটেইনেবল এনার্জি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রোগ্রামের প্রধান অধ্যাপক ড. আনিস মুসতাগফিরিন, এস.টি., এম.টি.। এছাড়াও, অনুষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় শিক্ষা ও প্রশিক্ষণ, যৌথ গবেষণা ও প্রকাশনা, আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজসেবামূলক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, পারস্পরিক ল্যাব ও ওয়ার্কশপ ব্যবহার এবং সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, পলিটেকনিক পারকাপালান নেগারি সুরাবায়া (পিপিএনএস) ইন্দোনেশিয়ার শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি রাষ্ট্রীয় পলিটেকনিক প্রতিষ্ঠান। এটি ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের সুরাবায়া শহরে অবস্থিত এবং বিশেষভাবে জাহাজ নির্মাণ, সামুদ্রিক প্রযুক্তি ও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চমানের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে সুপরিচিত।
রিপোর্টারের নাম 





















